সিরাজগঞ্জে মহাসড়কে মিলল চিকিৎসকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচরা থেকে আবদুল্লাহ আল মাহমুদ (২৮) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আবদুল্লাহ আল মাহমুদের বাড়ি পাবনা শহরের আটুয়া হাউজিংপাড়া মহল্লায়।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দীন জানান, মহাসড়কের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মাথা ও হাতের ওপর দিয়ে যানবাহনের চাকা যাওয়ায় লাশটি বিকৃত হয়ে গেছে।

লাশ শনাক্তকারী আবদুল্লাহ আল মাহমুদের বড় ভাই অনিক মাহমুদ জানান, পেশায় চিকিৎসক আবদুল্লাহ ঢাকায় গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন। গত বুধবার বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে তিনি নিজ বাড়ি পাবনার উদ্দেশে রওনা হন। মধ্যরাতে তাঁর মোটরসাইকেলটি বিকল হলে তিনি মুঠোফোনে বাড়িতে বিষয়টি জানিয়ে দেন। একই সঙ্গে ফেসবুকে এ নিয়ে পোস্ট করেন। সকালে তাঁর লাশ সড়কের ওপর পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোতাহার হোসেন জানান, সন্ধ্যায় নিহত ব্যক্তির বাবা-মা ও বড় ভাই এসে লাশটি শনাক্ত করেন। স্বজনদের দেওয়া তথ্যমতে অনুসন্ধান চালানো হচ্ছে। মোটরসাইকেলের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।