সিরাজগঞ্জে মহিলা আ.লীগের সভায় ধস্তাধস্তি, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় সাত নেতা-কর্মী আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ ইসলামের সভাপতিত্বে শহরের মুজিব সড়কের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়। সভায় উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম সিরাজগঞ্জ শহর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দিলরুবা তালুকদারসহ কয়েকজনকে বক্তব্য দেওয়ার দাবি জানান। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা বেগমসহ কয়েকজন বক্তৃতা দেওয়ার সুযোগ নেই বললে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি ও মারধর শুরু হয়। এ সময় দিলরুবা তালুকদার, শিল্পী খাতুন, রোকেয়া বেগম, সালেহা, শান্তনা খাতুন, শিল্পী পারভীন ও লাকী খানম আহত হন।
সিরাজগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী দিলরুবা তালুকদার অভিযোগ করেন, ‘আমাদের কষ্ট ও ক্ষোভের কথা বলার জন্য কেন্দ্রীয় নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হলে সাংসদ সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক হাসনা খাতুন আমাদের চুল ধরে কিলঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা আমাদের সভাস্থল থেকে বের করে দেন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
সাংসদ সেলিনা বেগম বলেন, গোলযোগে জড়িত নারীরা কেউ বর্তমানে মহিলা আওয়ামী লীগের কমিটিতে নেই। এ কারণে তাঁদের সভা থেকে বের হতে বলা হলে উত্তেজনা ও ধস্তাধস্তি হয়।
মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাফিয়া খাতুন ও প্রচার সম্পাদক শিরিন রোখসানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা বলেন, কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী সভায় বক্তব্য দিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করে সুরাহা করা হবে।