সিরাজগঞ্জে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
মানব পাচারের অভিযোগে সিরাজগঞ্জের চোহালী উপজেলার এনায়েতপুর থেকে সুরুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার এনায়েতপুর থানার বামনগা গ্রামে।
সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ওসি মোকাদ্দম হোসেন বলেন, সুরুজ্জামান ২০১২ সালে শাহজাদপুর উপজেলার চরপোরজনা গ্রামের ফজলুল হকের ছেলে নায়েব আলীকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে ট্রলারে ওঠান। ট্রলারে যাওয়ার পথে নায়েব আলীকে হত্যা করে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়। এ ঘটনা জানতে পেরে নিহত ব্যক্তির বাবা ফজলুল হক বাদী হয়ে ওই বছরেই ওয়াজেদ আলী, সুরুজ্জামানসহ চারজনকে আসামি করে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা-পুলিশ এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বাদী আদালতে নারাজি দিলে আদালত সিআইডি পুলিশকে পুনঃ তদন্ত করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সিআইডি পুলিশ আসামি ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী সুরুজ্জামানকে গতকাল বুধবার দুপুরে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।