সিরাজগঞ্জে মানব পাচারের অভিযোগে একজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রাম থেকে গতকাল সোমবার শহীদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ট্রলারযোগে মালয়েশিয়ায় মানব পাচারকারী দলের অন্যতম হোতা তিনি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, শহীদুল দীর্ঘদিন ধরে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার তরুণদের কাছ থেকে দুই-তিন লাখ করে টাকা নিয়ে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাঠিয়ে আসছিলেন। এভাবে তিনি কয়েক শ লোক পাঠিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর পাঠানো লোকজনের অনেকে এখন মালয়েশিয়া ও থাইল্যান্ডের কারাগারে আটক আছেন। অনেকে যাত্রাপথে সমুদ্রে প্রাণ হারিয়েছেন।
ওসি বলেন, মানব পাচারের অভিযোগে শহীদুলের বিরুদ্ধে বেলকুচি থানায় একাধিক মামলা রয়েছে। গতকালও একটি মামলা করেছেন মাইঝাইল গ্রামের আবদুল আওয়াল নামের এক ব্যক্তি। শহীদুল দীর্ঘদিন পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাঁকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মানব পাচারের ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন শহীদুল। তাঁর দেওয়া তথ্য ধরে পুলিশের অভিযান চলছে।
শহীদুল ইসলাম বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের খয়রুল্লাহ প্রামাণিকের ছেলে।