সিরাজগঞ্জে যুবদল নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ওরফে সুজনকে গতকাল সোমবার কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সুজন শহরের মিরপুর হাজীপাড়া মহল্লার আবদুস সামাদের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম রাত ১১টার দিকে বলেন, কে বা কারা, কোন সময় এবং কী কারণে এই ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে। মঙ্গলবার লাশের ময়নাতদন্ত হওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, সুজন গতকাল সোমবার দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে বিশ্রামে যান। বিকেল থেকে রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়।
পরে রাত নয়টার দিকে তাঁর শরীর থেকে রক্ত বেয়ে ঘর পেরিয়ে বাইরে এলে পরিবারের লোকজন দেখতে পেয়ে ঘরে ঢোকে। এ
সময় মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ ওরফে সুইট প্রথম আলোকে বলেন, ‘এই হত্যাকাণ্ড বর্বরোচিত। আমি এর তীব্র নিন্দা জানাই।’ তিনি এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।