সিরাজগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের দুই নেতার মধ্যে হাতাহাতির জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানা পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম নেতা–কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম শেখ লাঠি দিয়ে হাকিমকে হালকা আঘাত করেন। এ সময় হাকিম ও তাঁর সমর্থকেরা ইসলামকে মারধর করেন।
এরপরই দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ এক পর্যায়ে ১ নম্বর খলিফাপট্টি রোডে, বড়পুল ও সরকারি কলেজ রোড এলাকায় ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিক আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে দলীয় একটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জে পুলিশ বাহিনীতে নিয়োগ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে মনোমালিন্য হওয়ায় এই ঘটনা ঘটতে পারে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম জানান, ‘ইসলাম আকস্মিকভাবে আমাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আমি তাকে নিবারণ করার চেষ্টা করি। সে পুনরায় বকাবকি শুরু করলে আমার সমর্থকেরা উত্তেজিত হয়ে তাকে মারধর করে তাড়িয়ে দেয়।’ তবে কী কারণে তাঁকে আঘাত করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এ বিষয়ে ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।