সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকায় গতকাল শুক্রবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আসাদুল্লাহ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব বলেছে, আসাদুল্লাহ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম প্রথম আলোকে বলেন, সিরাজগঞ্জ পৌরসভা এলাকার যমুনা নদীর তীরসংলগ্ন মোড়গ্রাম ও ছাতিয়ানতলি গ্রামে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। ওই সময় ডাকাতেরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য আসাদুল্লাহর বুকে গুলি লাগে। বাকি ডাকাতেরা পালিয়ে যায়। আসাদুল্লাহকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব কর্মকর্তা হাসিবুল বলেন, ঘটনায় চারজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আসাদুল্লাহর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানা ও টাঙ্গাইলের ভূয়াপুর থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।
নিহত আসাদুল্লাহর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে। বেলা তিনটার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে আসাদুল্লাহর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে এক স্বজনের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। লাশ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ নিয়ে যাওয়া স্বজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে আসাদুল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।