সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি এলাকায় গত শুক্রবার রাতে এক শিশুকে (১১) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই দুজন পলাতক।
মামলার বিবরণ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। পূর্বপরিচিত হওয়ায় রেলওয়ে কলোনি এলাকার ওই দুজন তাদের বাড়িতে যাতায়াত করত। গত শুক্রবার রাতে ওই দুজন তাদের বাড়িতে গিয়ে কৌশলে ওই শিশু, তার দাদি ও ছোট ভাইকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করায়। এর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়ে। পরে ওই দুজন শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি ও তার ছোট ভাইয়ের চেতনা ফিরলে তারা চিৎকার শুরু করে।
সদর থানার উপপরিদর্শক নূরুল ইসলাম বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে আজ রোববার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।