সিরাজগঞ্জে সাংসদের ভোজের জন্য তিন স্কুল-কলেজ বন্ধ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ ম ম আমজাদ হোসেন গতকাল বুধবার তাড়াশ উপজেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মাঠে প্যান্ডেল তৈরি করে ভোজের আয়োজন করেন। এতে প্রায় চার হাজার মানুষকে খাওয়ানো হয়। সাংসদ বলেছেন, পরিবারের সদস্যদের নিয়ে তাঁর পবিত্র হজে যাওয়া উপলক্ষে ভোজের আয়োজন করা হয়।
তাড়াশ ডিগ্রি কলেজ, ইসলামিয়া পাইলট উচ্চবিদ্যালয় ও তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই সীমানাপ্রাচীরের ভেতরে অবস্থিত। তিনটি প্রতিষ্ঠানের মাঠও একটি। এই মাঠের মধ্যে বিশাল প্যান্ডেল তৈরির পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষের ভেতরেও আমন্ত্রিত অতিথিদের খাওয়ানো হয়। পাঁচটি করে গরু ও ছাগল জবাই করা হয়। ভোজের জন্য প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় সোমবার থেকে।
গতকাল দুপুরে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্কুলের অফিস খোলা রয়েছে। মাঠে এমপি সাহেবের অনুষ্ঠান চলছে। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই স্কুল সাময়িক বন্ধ রেখে সহযোগিতা করা হচ্ছে।’ তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, বেলা একটায় অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বিদ্যালয়ের মাঠ সাংসদের ‘মেজবানের জন্য’ ব্যবহার করতে দেওয়া হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হয়নি। তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, সাংসদের ভোজের কারণে কলেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সাংসদ আমজাদ হোসেন বলেন, তিনি কোনো প্রতিষ্ঠান বন্ধ করেননি। কলেজের অধ্যক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠান করেছেন। কলেজের কক্ষ ছাড়া অন্য কোনো কক্ষ ভোজের কাজে ব্যবহার করা হয়নি। এ জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল কি না, তা তাঁর জানা নেই।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ বলেন, তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে বাইরে ব্যস্ত ছিলেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না।