সিরাজগঞ্জে স্বামীর ছোড়া অ্যাসিডে পুড়ল স্ত্রীর মুখ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে স্বামীর ছোড়া অ্যাসিডে সালমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মুখ ঝলসে গেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাইফুল ইসলাম গতকাল বুধবার ভোরে স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে। সালমা খাতুনকে গতকাল বুধবার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, আক্রান্ত গৃহবধূর মুখমণ্ডলের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। এ ছাড়া তাঁর গলা ও বুকের কিছু অংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও আক্রান্ত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বানিয়াতী গ্রামের আবুল শেখের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে সালমা খাতুনের বিয়ে হয়। এটি ছিল সাইফুলের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে সাইফুল শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি স্ত্রীকে ঠিকমতো ভরণপোষণ দিতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার বিকেলে বাজার করা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সাইফুল ঘর থেকে বেরিয়ে যান। এরপর গভীর রাতে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। সালমার চিৎকারে স্বজন এবং আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
সালমার মা সূর্য বেগম ও বাবা সোলায়মান হোসেন বলেছেন, সাইফুল ভরণপোষণের জন্য তাঁদের মেয়েকে কোনো টাকা দিতেন না। সালমা কিছু বললে স্বামী প্রায়ই তাঁকে মারধর করতেন। এ ঘটনায় সাইফুলের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তাঁরা।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।