সিরাজগঞ্জে ১১ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় ১১ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণকারী শুকুর আলীকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে গতকাল সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটির মা সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে তিনটার দিকে পাশের বাড়ির বাসিন্দা শুকুর আলী (৫৫) খাবার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন।
এ সময় বাড়িতে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ ছিল না। এই সুযোগে শুকুর আলী মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে মাকে ঘটনা বলে। পরে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ শুকুর আলীকে গ্রেপ্তার করে।
শিশুটির মা অভিযোগ করেন, শুকুর আলী ও তাঁর স্ত্রী মাঝে মাঝে তাঁর মেয়েকে ডেকে বাড়ির নানা ধরনের কাজ করাত। বিনিময়ে খাবার দিত। তাই ঘটনার দিনও শুকুর আলী মেয়েকে ডেকে নিলে কেউ সন্দেহ করেনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল বারী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।