সিরাজগঞ্জের 'বন্দুকযুদ্ধে' নিহত ২
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কলেজপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ছানোয়ার হোসেইন ওরফে ছানু (৩২) ও লুৎফর রহমান (৫৫)। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ছানোয়ারের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামে আর লুৎফরের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামে (বর্তমান ঠিকানা রায়গঞ্জ উপজেলার প্রতাব দীঘি শালগাড়ি গ্রাম)।
এ ঘটনায় সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়ায় র্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান জানান, নিহত লুৎফর ও ছানু আওয়ামী লীগ নেতা ও জামতৈল ইউপি সদস্য মিল্টন হত্যার প্রধান আসামি ও পরিকল্পনাকারী। তাঁরা এলাকায় ছানু বাহিনী গঠন করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। এই হত্যা মামলায় লুৎফর, ছানুসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের ধরতে গতকাল লুৎফর ও ছানুকে সঙ্গে নিয়ে র্যাব অভিযানে বের হয়। রাত দেড়টার দিকে উপজেলার জামতৈল রেলস্টেশনসংলগ্ন হাজী কোরপ আলী কলেজের দক্ষিণে কলেজপাড়ায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গুলিবিনিময় হয়। এতে লুৎফর ও ছানু গুরুতর ও র্যাবের দুই সদস্য সামান্য আহত হন। পরে তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, আটটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ দুটির ময়নাতদন্ত হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, বন্ধুকযুদ্ধে নিহত দুজন চিহ্নিত সন্ত্রাসী। মিল্টন হত্যা মামলারও তাঁরা আসামি ছিলেন। এ ছাড়া এ দুজনের বিরুদ্ধে কামারখন্দ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, উল্লাপাড়া ও সদর থানায় আটটি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
মিল্টন হত্যা মামলাটির তদন্তভার প্রথমে পুলিশের থাকলেও পরে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি র্যাব তদন্ত করছে।