সিরাজগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কামাল মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশের দাবি। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে। তারাও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

উল্লাপাড়া থানার পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল পৌরসভার ঘোষগাঁতি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মোস্তফা কামাল গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা কামাল পৌরসভার কাওয়াক এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকালের ‘বন্দুকযুদ্ধের’ সময় পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন ঘোষগাঁতি এলাকার সজীব কুমার সাহা (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), সনি আহমেদ (৩৫), বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামের সেলিম রেজা (২৪) ও শফিকুল ইসলাম (২০)। আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১৭ বোতল ফেনসিডিল ও ৮০টি ইয়াবা উদ্ধার করে।

উল্লাপাড়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নুল আবেদীন আজ শনিবার সকালে গত রাতের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত মাদক ব্যবসায়ীর নামে থানায় ১১টি মামলা রয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।