সিরাজগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১২) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সানোয়ার হোসেন ওরফে সানু (৩০) ও লুৎফর আলী (৫৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। কামারখন্দের জামতৈল কলেজপাড়ায় গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সানোয়ার হোসেন কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের দশের মাতব্বরের ছেলে। আর লুৎফর আলী পাবনার চাটমোহর থানার আংকুটিয়া গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তাঁরা দুজনই কামারখন্দের জামতৈল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য থানা আওয়ামী লীগের নেতা মিল্টন মিয়া হত্যা মামলার আসামি বলে জানিয়েছে র্যা ব।
সলঙ্গায় র্যা বের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে র্যা ব-১২-এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ১৯ জুন রাতে মিল্টন মিয়াকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কামারখন্দ থানায় দায়ের মামলায় পুলিশের তদন্ত চলার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু করে র্যা ব। র্যা বের এই কর্মকর্তা বলেন, ৯ আগস্ট মামলার আসামি সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ফরহাদ আলীকে (৫০) আটক করে র্যা ব। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট অভিযান চালিয়ে কামারখন্দ থানার চাঁদপুর গ্রামের রেজাউল করিম বালা (৫০), চক শাহবাজপুর গ্রামের সানোয়ার হোসেন (৪৫), সদর উপজেলার বড়চাকলী গ্রামের আবদুর রাজ্জাক শেখ (৪৫) ও কাদাই গ্রামের ইউসুফ আলীকে (৫৫) আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র্যা বের সদস্যরা অন্য আসামিদের ধরতে অভিযান চালান। কলেজপাড়া এলাকায় হোসেন মেম্বারের সেতুর কাছে পৌঁছালে র্যা বকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যা বের সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন লাশ দুটি সানোয়ার হোসেন ওরফে সানু ও লুৎফর আলীর বলে শনাক্ত করেন।
র্যা ব-১২-এর অধিনায়ক আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পিস্তলের তিনটি ও পাইপগানের পাঁচটি গুলি উদ্ধার করে র্যা ব। সানোয়ারের বিরুদ্ধে মিল্টন মিয়া হত্যাসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম, সদর, উল্লাপাড়া ও কামারখন্দ থানায় হত্যা ও ডাকাতির আটটি মামলা রয়েছে।
গতকাল বিকেলে লুৎফরের ছোট ভাই সোবহান আলী বলেন, তাঁর ভাই দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। আর সানোয়ারের চাচাতো ভাই রাসেল মিয়া বলেন, মিল্টন হত্যার পর থেকে সানোয়ার পলাতক ছিলেন।