সিরাজগঞ্জে 'ভাড়াটে খুনি' সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি পিস্তলসহ পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের মতিউর রহমান ডাবলু ও সাজ্জাদ হোসেন খোকন র‍্যাবের হাতে ধরা পড়েছেন। সিরাজগঞ্জের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। ছবি: প্রথম আলো
বিদেশি পিস্তলসহ পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের মতিউর রহমান ডাবলু ও সাজ্জাদ হোসেন খোকন র‍্যাবের হাতে ধরা পড়েছেন। সিরাজগঞ্জের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের সলঙ্গার ‘ফুড ভিলেজ প্লাস’ নামের একটি হোটেলে আজ সোমবার দুপুরে অভিযান চালায় র‍্যাব-১২ এর সদস্যরা। অভিযানে ‘ভাড়াটে খুনি’ সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, এদের কাছে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পেয়েছে তাঁরা। সন্দেহভাজন দুজন হচ্ছেন—পাবনা সদর উপজেলার শালগাড়ীয়া গ্রামের মতিউর রহমান ওরফে ডাবলু (৩৫) ও একই গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে খোকন (৩২)।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মো. হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থিত ‘ফুড ভিলেজ প্লাস’ রেস্টুরেন্টের ২য় তলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
র‍্যাবের দাবি, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও পাবনা জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে গিয়ে ভাড়ায় হত্যা, চাঁদাবাজি, গুম এবং অপহরণ করে আসছে।
গ্রেপ্তারের পর দুজনকে সলঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। সলঙ্গা থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছে।