সিরাজগঞ্জের অনেকেই নিখোঁজ উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাহমুদপুর গ্রামের আছের আলী ট্রলারযোগে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পর নিখোঁজ হন। ছেলের খোঁজ পাচ্ছেন না তাঁর মা জোবেদা খাতুন। আছের আলীর সঙ্গে যান এই গ্রামের আরও পাঁচজন। এঁদের মধ্যে বকুল, হানিফ ও আবুবক্কর মালয়েশিয়া পৌঁছার পর মুঠোফোনে খবর দিয়েছিলেন পরিবারকে। তবে আছের, মতিন ও হেলাল কোনো খবর দেননি।
মানব পাচার চক্রের ভাসিয়ে দেওয়া ট্রলার থেকে বিদেশগামী অসহায় বাংলাদেশিদের উদ্ধারের খবর টেলিভিশনে দেখে মাহমুদপুর গ্রামের নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো এখন চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভুগছে। পত্রিকায়, টিভিতে সবাই খুঁজে ফিরছেন তাঁদের নিখোঁজ স্বজনদের মুখ।
কেবল উল্লাপাড়ার এই গ্রামটি নয়, সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি এবং চৌহালী গ্রামের বিভিন্ন গ্রামে এখন একই দৃশ্য।
গতকাল শনিবার বিকেলে মাহমুদপুর গ্রামে গেলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসে ভিড় জমান। নিখোঁজ আবদুল মতিনের বাবা সেরাজ উদ্দিন (৯০) বলেন, ‘বিদেশে যাওনের ব্যাপারে সরকারি সুযোগসুবিধার কথা যদি জাইনত্যাম তাহলি কি ছাওয়াল সমুদ্রে ভাসায়া দেই? আগে কিছুই বুঝি নাই। এহন চোহের পানি ফেলান ছাড়া আর কিছুই করার নাই।’
গ্রামের আনসার আলীর ছেলে হেলাল উদ্দিন দুই মাস আগে কক্সবাজার থেকে ট্রলারে উঠে মালয়েশিয়া রওনা হওয়ার সময় ফোনে বলেছিলেন, ‘বাজান, আমি ট্রলারে উইটে রওনা দিলাম। দোয়া করো। মালয়েশিয়া না যাওয়া পর্যন্ত আর কথা হবি না।’ এরপর থেকে তাঁর সন্ধান নেই।
স্বজনদের বিদেশে পাঠানোর পর এখন চরম আর্থিক কষ্টে পড়েছে পরিবারগুলো। মানব পাচারকারী চক্র পরিবারগুলোর কাছ থেকে ফোনে কয়েক দফা টাকা আদায় করেছে। সন্তানদের বাঁচানোর তাগিদে বাড়ির গরু-বাছুর বিক্রি করে চড়া সুদে ঋণ নিয়ে তারা টাকা পরিশোধ করেছে।
জেলার শাহজাদপুর এনায়েতপুরের রূপনাই পূর্বপাড়া গ্রামের সাতজন সমুদ্রপথেই মারা গেছেন বলে পরিবারগুলোকে ফোনে জানিয়েছেন ইউসুফ আলী এবং আবুল কালাম। মৃত ব্যক্তিদের একজন মোরছালিনের বাবা আইয়ুব আলী বলেন, ‘সমুদ্রপথেই সে মারা গেছে বলে এই গ্রামের দালাল মোন্নাফ আলী এলাকার প্রভাবশালীদের দিয়ে ভয় দেখিয়ে মামলা করতে দেয়নি। আমাকে এক লাখ টাকা দিয়ে সে এলাকা ছেড়েছে। এখন মোরছালিনের স্ত্রী ও ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে দিনযাপন করছেন।’
এ বিষয়ে পালিয়ে থাকা দালাল মোন্নাফ আলীর সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, ‘মোরছালিন নিখোঁজ থাকায় তাঁর ছেলেমেয়ে এবং স্ত্রীর ভরণপোষণের জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছে। এখন আর আমি বিদেশে লোক পাঠানোর ব্যবসা করি না।’
এই রূপনাইসহ জেলার চার উপজেলার অন্তত ২০টি গ্রামে সক্রিয় জনা পঞ্চাশেক মানব পাচারকারী। মানব পাচারের ঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচি থানায় মানব পাচার আইনে নয়টি মামলা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুটি মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই অভিযোগ করতে চান না বিধায় বিষয়টি জানা যায় না।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, মানব পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় সচেতনতামূলক সভা করা হচ্ছে।