সিরাজগঞ্জের গ্রামে ডাকাতি শিশু গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামে ডাকাত দলের ছোড়া গুলিতে মিথিলা খাতুন (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দুইটার দিকে গ্রামের ধানকল ব্যবসায়ী হাসমত আলীর বাড়িতে ঢুকে একদল ডাকাত হাসমতের খোঁজ করছিল। এ সময় পাশের ঘর থেকে অন্যরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলি হাসমতের মেয়ে মিথিলার পেটে লাগে। পরে তাকে শহরের সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়।
হাসমত বলেন, পাঁচ-ছয়জন মুখোশধারী ডাকাত তাঁর বাড়িতে হামলা চালায়। গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় তাঁর বাবার কাছে থাকা মিথিলা গুলিবিদ্ধ হয়।
সেন্ট্রাল ক্লিনিকের শল্য বিভাগের চিকিৎসক গোলাম রব্বানী জানান, মেয়েটির পেট দিয়ে ঢুকে লিভার ফুটো হয়ে গুলিটি সেখানে আটকে ছিল। প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে, রোগীর অবস্থা আশঙ্কামুক্ত বলে মনে হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ব্যবসায়িক কোনো ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।