সিরাজদিখানে হামলায় ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর খানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় খিদিরপুর বাজারে ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর খানকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর খান সাংবাদিকদের বলেন, গত ইউপি নির্বাচনে তাঁর সঙ্গে ভোটে হারার কারণেই প্রতিপক্ষ হাবিবুর সরকার ও তাঁর পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় একজন রামদা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি অচেতন হয়ে পড়েন।

জাহাঙ্গীর খানের ছোট ভাই মো. ফরিদ খান বলেন, হামলার সময় তাঁর ভাইকে বাঁচাতে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে যান। তাঁদের মধ্যেও কয়েকজন হামলার শিকার হন।

হাবিবুর সরকারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। সিরাজদিখান থানার এসআই আবদুসছোবাহান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।