সিরাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার (৭২), আবদুল লতিফ তালুকদার (৬৮) ও খান মো. আকরাম হোসেনের (৬১) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগ (ফরমাল চার্জ) পর্যালোচনা করে তা আমলে নেওয়া হচ্ছে।

গত রোববার এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দেয় রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সঙ্গে তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক তথ্যপ্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সায়েদুল হক সাংবাদিকদের জানান, সিরাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে শুধু সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। দুটি অভিযোগে যৌথভাবে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা এবং বাকি দুটি অভিযোগে তিনজনেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই তিনজন এখন কারাগারে আছেন। গত ১০ জুন তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।