সিরিয়াফেরত ‘জঙ্গি’ ৩ দিনের রিমান্ডে
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সিরিয়াফেরত সাখাওয়াত আলী নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এই আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সাখাওয়াত আলীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার রাতে নগরের দক্ষিণ খুলশী এলাকা থেকে সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্যপ্রযুক্তিবিষয়ক (আইটি) বিশেষজ্ঞ। চার বছর আগে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে সিরিয়ায় যান সাখাওয়াত। গত মার্চ মাসে তিনি দেশে ফিরে আসেন।
এ ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই) রাছিব খান বাদী হয়ে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে ভায়রা ভাই মো. আরিফ মামুনের মাধ্যমে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হন সাখাওয়াত। সংগঠনের নেতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যান্যদের মাধ্যমে তিনি জিহাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন। এরই অংশ হিসেবে ২০১৭ সালে আরিফ তুরস্কে যান। সেখান থেকে অবৈধভাবে সিরিয়ায় গিয়ে হায়াত তাহরির আশরাকের কাছ থেকে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। পরে সিরিয়া থেকে ইন্দোনেশিয়ায় আসেন। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে আবার ইন্দোনেশিয়ায় যান।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী আজ দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, রিমান্ডে সাখাওয়াতের কাছ থেকে জঙ্গি তৎপরতার তথ্য সংগ্রহ করা হবে।