সিলগালা ভেঙে ৩০ দোকান দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমপ্লেক্স ভবনে নকশাবহির্ভূত ৩০টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিল একটি চক্র। বিষয়টি জানাজানি হলে তা সিলগালা করে সিটি করপোরেশন। এখন তালা ভেঙে সেই দোকানগুলোতেই চলছে ব্যবসা-বাণিজ্য। কিন্তু কিছুই জানে না কর্তৃপক্ষ।

পুরান ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২-এ নির্মাণ করা হয় অবৈধ ৩০টি দোকান। এসব দোকান নির্মাণ ও ভাড়ার সঙ্গে ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতারা জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া এই জালিয়াতির সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কানুনগো জড়িত বলে দুর্নীতি দমন কমিশন তাঁকে গ্রেপ্তার করেছে।

কমপ্লেক্সের ব্যবসায়ীদের অভিযোগ, কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২-এর বিভিন্ন গলি ও কমপ্লেকের মাঝের খালি জায়গায় অবৈধভাবে এসব দোকান নির্মাণ করা হয়। এতে কমপ্লেক্সটি আবদ্ধ হয়ে পড়ে। মার্কেটে ক্রেতাদের উপস্থিতিও কমে যায়। বিষয়টি জানাজানির পর গত মার্চে সব অবৈধ দোকান সিলগালা করে দেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ। দুর্নীতির দায়ে কিছুদিন পর গ্রেপ্তার হন মোহাম্মদ আলী।

জানতে চাইলে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী প্রথম আলোকে বলেন, নকশাবহির্ভূত দোকানপাটের কারণে এই কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হয়ে গেছে। মার্কেটের পরিবেশের স্বার্থে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করতে হবে।

ডিএসসিসির রাজস্ব ও সম্পত্তি বিভাগ এবং কমপ্লেক্সের ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকান ভাড়া দেওয়ার সময় চার থেকে পাঁচ লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছে। এই টাকা ডিএসসিসির কানুনগো মোহাম্মদ আলী, ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফোরকানুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সারওয়ার, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান ওরফে টোকাই শফিক ভাগাভাগি করে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২-এর নিচতলার উত্তর পাশের ছয়টি গলি বন্ধ করে দোকান নির্মাণ করা হয়েছে। একই পাশে দ্বিতীয় তলায় আরও ছয়টি দোকান নির্মাণ করা হয়েছে। এ ছাড়া কমপ্লেক্সের মাঝের খালি জায়গায় ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যালয়সহ ১৮টি দোকান নির্মাণ করা হয়েছে। অধিকাংশ দোকানে ইলেকট্রিক মালামাল নিয়ে বসে আছেন বিক্রেতারা। কমপ্লেক্সের ভেতরে গুমোট পরিবেশ। ক্রেতারা পশ্চিম পাশের একটি বড় গলি দিয়ে চলাচল করছেন। উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে চলাচলের জন্য রয়েছে ছোট তিনটি গলি। পশ্চিম পাশে কমপ্লেক্স-১-এর পরিবেশ, বেচাকেনা স্বাভাবিক দেখা গেছে। দুটি কমপ্লেক্সের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৩৮ নম্বর ওয়ার্ড, স্বেচ্ছাসেবক লীগের গুলিস্তান ইউনিট, ওয়ারী থানা শাখা ছাত্রলীগ ও জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয় রয়েছে। এই কার্যালয়গুলোও অবৈধ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নাম প্রকাশ না করার শর্তে কমপ্লেক্স ভবন-২-এর একাধিক দোকানি বলেন, সমিতির নামে অবৈধ দোকানগুলো থেকে প্রতি মাসে গড়ে চার হাজার টাকা করে ভাড়া তোলা হয়। আর কমপ্লেক্সের উন্নয়ন ফির নামে প্রতিটি দোকান থেকেই এককালীন নেওয়া হয়েছে ১০ হাজার টাকা৷ এ ছাড়া কমপ্লেক্সের পাঁচ শতাধিক দোকান থেকে প্রতি মাসে সার্ভিস চার্জের নামে ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। অথচ ৫০ টাকার চেয়ে বেশি নেওয়ার নিয়ম নেই৷ সমিতির নেতাদের সহযোগিতা করেন আওয়ামী লীগের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, তিনি এর সঙ্গে জড়িত নন।

ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফোরকানুল ইসলাম বলেন, মার্কেটের বিভিন্ন খরচ মেটাতে এসব দোকান নির্মাণ করা হয়েছে। সমিতির লোকজনই তা নিয়ন্ত্রণ করেন৷

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকা ও অভিজ্ঞ প্রকৌশলী না পাওয়ায় ওই দিন দোকানগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। পরে অবৈধ সব দোকান সিলগালা করা হয়েছিল। দোকানগুলো উচ্ছেদে নতুন করে উদ্যোগ নেওয়া হবে।