সিলিকোসিসে আক্রান্ত আরেক শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে আরও এক শ্রমিক মারা গেছেন। গত রোববার তিনি নিজ বাড়িতে মারা যান।
ওই শ্রমিকের নাম আইনুল হক (৪৫)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (দরিকামাত) গ্রামের বাসিন্দা। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে সিলিকোসিসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। ৫ মার্চ বুড়িমারী স্থলবন্দরের একটি পাথরভাঙার কারখানার শ্রমিক আব্দুল রশিদ মারা যান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইনুল হক প্রথমে রংপুরসহ স্থানীয় চিকিৎকসদের কাছে কিছুদিন চিকিৎসা নেন। পরে ঢাকার লেবার স্টাডিজ অব বাংলাদেশ (বিলস) নামের একটি বেসরকারি সংস্থার সহায়তায় কিছুদিন ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। এরপর আর্থিক সংকটের কারণে বাড়িতে ফিরে আসেন। গত রোববার নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
আইনুল হকের বড় ছেলে মমিনুর রহমান বলেন, ‘যে কারখানায় কাজ করে সিলিকোসিস রোগ হয়। সেটা কেনে চালায়। হামরা গরিব মানষি পেটের দায়ে পাঁচ বছর আগোত বুড়িমারীর একটা পাথরভাঙা মিশিনোত কাজ করছিল মোর বাপ। সেলা থাকি জ্বর-সর্দি-কাশ হইছিল। তার কাজ বাদ দিলেও অসুখ হামার পিছ ছাড়ে নাই। ওই রোগোত মরিল। এলা মুই চার ভাই-বোনেক নিয়া কি করিম বুঝিবার পাওছো না।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব কুমার দাস বলেন, ‘সিলিকোসিস রোগে আক্রান্ত অনেক শ্রমিক এখনো অসুস্থ রয়েছে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া এসব রোগীর চিকিৎসা এ হাসপাতালে দেওয়া যাচ্ছে না। এর পরও আমরা উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছি শ্রমিকদের। তবে এ রোগের চিকিৎসা দীর্ঘদিন ধরে নিতে হয়। মুখোশ না পরে পাথর ভাঙার কাজ করলে পাথরের কণা ফুসফুসে গেলে এ রোগ হয়।’