সিলিন্ডারে পানি ভরে গ্যাস চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এলপিজি প্রতিটি সিলিন্ডার থেকে গড়ে ৬৮ শতাংশ গ্যাসই চুরি যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ বলেন, প্রতিটি সিলিন্ডারে গড়ে সাড়ে ১২ কেজি করে এলপি গ্যাস থাকার কথা। অথচ দীর্ঘদিন ধরে ওই তিন কোম্পানির সিলিন্ডারে গ্যাস মিলছে গড়ে চার কেজি। প্রতিটি সিলিন্ডার থেকে চুরি যাচ্ছে ৪৭৬ টাকার গ্যাস। বগুড়া আঞ্চলিক ডিপো থেকে তিনটি কোম্পানি ৫৫০ পরিবেশকের মাধ্যমে উত্তরাঞ্চলের ১৪ জেলায় গ্যাস সরবরাহ করে প্রতি মাসে গড়ে ৪০ হাজার সিলিন্ডার। এই ৪০ হাজার সিলিন্ডার থেকে প্রতি মাসে চুরি যাচ্ছে এক কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার গ্যাস।
এলপি গ্যাসের ভোক্তা ও পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিপিসি বগুড়া আঞ্চলিক ডিপো থেকে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ করে। এসব গ্যাস সিলেটের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড থেকে ওই তিন কোম্পানির মাধ্যমে আঞ্চলিক ডিপোতে সরবরাহ করা হচ্ছে।
বগুড়া শহরতলির গন্ডগ্রামের গৃহবধূ শামিমা আখতার বলেন, আগে একটি সিলিন্ডারে দেড় মাসের রান্না চলত। বেশ কিছুদিন ধরে এক সিলিন্ডার গ্যাসে ১৫ দিনও রান্না হয় না।
রাজশাহী এলপি গ্যাস পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ বলেন, আগে সরকারি গ্যাস সিলিন্ডারের চাহিদা মেটাতে হিমশিম খেতে হতো ডিলারদের। সিলিন্ডারে কম গ্যাস থাকার কারণে এখন এ গ্যাসের ক্রেতা নেই বললেই চলে।
সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ জানান, তিন মাস আগে এলপি গ্যাস পরিবেশক সমিতির পক্ষ থেকে বগুড়া ডিপোতে ওজন মাপক যন্ত্র বসানো হয়। এর পরপরই ভোক্তাদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করে, সরকারি সিলিন্ডারে চুলা জ্বলে না। ফেরত আসা এসব সিলিন্ডার পরীক্ষা করে দেখা যায়, ভেতরে পানি ঢোকানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্যাসের বদলে পানি ভরার সময় মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির দুই ট্রাক সিলিন্ডার হাতেনাতে ধরা হয়।
যমুনা অয়েল কোম্পানির সিলেট গ্যাস প্ল্যান্টের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-প্ল্যান্টস) মোশারফ হোসেন বলেন, ‘সিলেট থেকে পরিবহন ঠিকাদারের মাধ্যমে এলপি গ্যাসের সিলিন্ডার বগুড়া ডিপোতে সরবরাহ করে যমুনা। প্ল্যান্ট থেকে ট্রাকে ওঠানোর আগ পর্যন্ত সিলিন্ডারে পানি ভরার কোনো সুযোগ নেই। পানি ভরানোর ঘটনা ঘটে থাকলে তা করা হয়েছে পরিবহনের সময়।’
যমুনার পরিবহন ঠিকাদার মাহবুবুর রহমান বলেন, সিলিন্ডারের সঙ্গে পানি ভরানোর তৎপরতার সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত। চক্রটি আগে সিলিন্ডারে গ্যাস চুরি করত, এখন গ্যাস চুরির ঘটনা আড়াল করতে সিলিন্ডারে পানি ভরাচ্ছে।
পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপক স্বপন কুমার নন্দী বলেন, ঘটনাটি কোম্পানির সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।