সিলেট ও কুমিল্লায় দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফার্মেসির সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে সিলেটের দক্ষিণ সুরমায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
একই দিন হাঁস চুরির অভিযোগে কুমিল্লা নগরের শুভপুর এলাকায় মো. বাবু (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পিটুনিতে বাবুর ‘সহযোগী’ মো. নাজিম (২৬) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে আজির উদ্দিনের (৫০) ফার্মেসির সামনে একদল যুবক গাড়ি পার্কিং করতে যান। এ সময় যুবকদের গাড়ির সঙ্গে আজিরের ফার্মেসিতে থাকা একজন চিকিৎসকের গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। এর জেরে শুক্রবার রাত ১১টার দিকে আজির ফার্মেসি বন্ধ করে বাড়ি যাওয়ার সময় ওই যুবকেরা তাঁকে পিটিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যান। পরে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিরকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে। তিনি লালাবাজারের শাহজালাল ফার্মেসির স্বত্বাধিকারী।
আজিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এলাকাবাসী লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
সিলেট নগরের জিন্দাবাজারে একটি বিপণিবিতানের সামনে মোটরসাইকেল পার্কিংয়ের প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সহসভাতি সুলেমান চৌধুরীর ছুরিকাঘাতে তরুণ ব্যবসায়ী করিম বক্স মামুন (২৬) নিহত হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার দুই দিনের মাথায় আজির হত্যার এ ঘটনা ঘটল।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, আজির হত্যাকাণ্ডে জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে কুমিল্লায় বাবুকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর মা হেলেনা বেগম বাদী হয়ে শুক্রবার রাতেই কোতোয়ালি মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর আইলের মাথায় হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাবু ও পূর্ব চানপুর এলাকার মো. নাজিমের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাজিমের নেতৃত্বে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে শুভপুরের ২০ থেকে ২৫ জনের একটি দল বাবু ও নাজিমকে ধরে পিটুনি দেয়। এতে বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক রাত পৌনে আটটার দিকে বাবুকে মৃত ঘোষণা করেন। পুলিশি পাহারায় সেখানে নাজিমের চিকিৎসা চলছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন, মামলার আসামি আহত নাজিম, মো. রনি, আবদুর রহিম ও মনির হোসেনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।