সিলেট জেলা ছাত্রদল সভাপতি র্যাবের হাতে আটক
‘নাশকতার চেষ্টার’ অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলার সভাপতি সাঈদ আহমদকে আজ শুক্রবার সন্ধ্যায় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল।
র্যাব-৯ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খান রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার বিকেলে নগরের উপশহর এলাকায় আত্মগোপনে থাকা সাঈদকে আটক করে র্যাব। রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানায় সাঈদকে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তবে সাঈদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, র্যাব সদস্যরা সাদা পোশাকে বিকেলে বাসা থেকে সাঈদকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে নিয়ে যায়। রাতে র্যাব-৯ দপ্তরে যোগাযোগ করা হলে তাঁরা আটকের বিষয়ে নিশ্চিত হন। তখন নাশকতার চেষ্টায় থাকার বিষয়টি জানানো হয়।
সাঈদ আহমদ পেশায় একজন আইনজীবী। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক থাকা অবস্থায় ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে ঘোষিত সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মনোনীত করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এসব মামলা থেকে সাঈদ জামিনে রয়েছেন বলে তাঁর বড় ভাই ফরিদ আহমদ জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে সাঈদ আহমদকে হয়রানি করতেই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।