সিলেট থেকে অপহৃত শিশু লালমনিরহাটে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহর থেকে অপহৃত শিশু নিয়ামত ইসলাম ওরফে রিফাতকে লালমনিরহাট থেকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে নেওয়া ৪২ হাজার টাকাসহ দুজন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের স্বাধীন ইসলাম (২৫) ও একই উপজেলার কুলাঘাট ইউনিয়নের আলোকদীঘি গ্রামের মিন্টু মিয়া ওরফে সোহাগ (২৬)।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১০ মার্চ দুপুরে সিলেট কোতোয়ালি থানার বাগবাড়ি কানিশাইল রোডের বাসার সামনে থেকে নিয়ামতকে অপহরণ করা হয়। নিয়ামত সিলেট পিডিবির সাবকন্ট্রাক্টর নেছার আহমেদের ছেলে। এ ঘটনায় নেছার ওই দিন সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত পৌনে ১০টার দিকে নেছার আহমেদের মুঠোফোনে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নেছার দুই লাখ টাকা দিতে রাজি হন এবং তিনটি বিকাশ নম্বরে মোট ৫০ হাজার টাকা পাঠান।

ওসি রফিকুল ইসলাম বলেন, নেছার আহমেদ পরে জানতে পারেন, তাঁর পূর্বপরিচিত (আসামি) স্বাধীন ইসলামসহ অজ্ঞাতনামা দুই-তিনজন তাঁর ছেলেকে অপহরণ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট কোতোয়ালি থানা থেকে তথ্য নেওয়া হয়। পরে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে হাজীপাড়া গ্রাম থেকে শিশু নিয়ামত ইসলামকে উদ্ধার করে পুলিশ। একই দিন বিকেল সাড়ে চারটায় আসামি স্বাধীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শিশু নিয়ামত ও গ্রেপ্তারকৃত দুই আসামি এবং উদ্ধার করা মুক্তিপণের টাকা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

লালমনিরহাট সদর থানায় উপস্থিত নিয়ামতের বাবা নেছার আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি পিডিবির সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। স্বাধীন ইসলাম ও মিন্টু মিয়া তাঁর ফার্মে শ্রমিক হিসেবে দুই-তিন মাস আগ পর্যন্ত কাজ করেছেন। পরিচয়ের সূত্র ধরেই স্বাধীন ইসলাম তাঁর সঙ্গীদের সহায়তায় নিয়ামতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।

গ্রেপ্তার হওয়া স্বাধীন ইসলাম থানায় সাংবাদিকদের বলেন, ‘আমি মিন্টু মিয়া ওরফে সোহাগের পরামর্শে এ অপরাধ করেছি। আমি নিয়ামতকে সিলেট থেকে ঢাকার কমলাপুরের মদিনাবাগে মিন্টুর বাসায় নিয়ে যাই। পরে সেখান থেকে লালমনিরহাটের গ্রামের বাড়িতে শিশুটিকে নিয়ে দুজনেই চলে আসি।’