সিলেট থেকে সেনাসদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি সেনাসদস্য শফিকুল শেখকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল জেলার লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করেন। খবর বাসসের।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তারের পর সেনাসদস্য শফিকুলকে নিয়ে পুলিশ নড়াইলের পথে রওনা দেয়। তবে সিলেটের কোন জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এর আগে রোববার হাইকোর্ট এ মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্যাতনের শিকার গৃহবধূ ববিতা খানম নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা। গত ৩০ এপ্রিল তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেদম প্রহার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুলসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় এ মামলা করেন। গত বৃহস্পতিবার এ মামলার আসামি ববিতার চাচাশ্বশুর কালাম শেখ ও গত শনিবার তাঁর আরেক চাচাশ্বশুর হিরু শেখকে গ্রেপ্তার করে পুলিশ।