সিলেট নগরে অনুমোদন ছাড়াই স্থায়ী বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদনহীন কয়েকটি স্থায়ী কাঠামোর বিলবোর্ড
অনুমোদনহীন কয়েকটি স্থায়ী কাঠামোর বিলবোর্ড

সিলেট নগরে অনুমোদনহীন কয়েকটি স্থায়ী কাঠামোর বিলবোর্ড (ইউনিপোল) স্থাপন করা হয়েছে। এসব ইউনিপোল স্থাপনে সরকারদলীয় কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
সিটি করপোরেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, বিভিন্ন এজেন্ট ও বিজ্ঞাপনী সংস্থার জন্য ভাড়া দেওয়ার ক্ষেত্রে তিন ধরনের বিলবোর্ডের প্রচলন রয়েছে সিলেটে—সাধারণ, মিনিপোল ও ইউনিপোল। এর মধ্যে ইউনিপোল স্থায়ী অবকাঠামোর ও দীর্ঘমেয়াদি হওয়ায় সবচেয়ে ব্যয়বহুল। সাধারণ বিলবোর্ড ১২-৮ ফুট, মিনিপোল ২০-১২ ফুট ও ইউনিপোল ৩০-১০ ফুট হয়। ইউনিপোলের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য সিটি করপোরেশনকে বছরে ৭৫ টাকা হারে ভাড়া দিতে হয়। এর আগে বিভিন্ন শর্ত সাপেক্ষে স্থায়ী কাঠামোর বিলবোর্ড নির্মাণে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগেরও অনুমোদন থাকতে হয়।
সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডে তিনটি ইউনিপোল ছাড়াও যত্রতত্র আরও অর্ধশতাধিক বিলবোর্ড আছে। ইউনিপোল বিলবোর্ড বেশি স্থাপন করা হয়েছে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমায়। এখানে ইউনিপোল বিলবোর্ড রয়েছে তিনটি। কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নগরে প্রবেশমুখ হওয়ায় দক্ষিণ সুরমার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে বিলবোর্ড। এর মধ্যে কিনব্রিজের মুখে ও কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি এলাকায় স্থায়ী কাঠামোর দুটি ইউনিপোল বিলবোর্ড দেখা গেছে।
এ ছাড়া নগরের প্রবেশমুখেও নির্মিত হয়েছে একটি ইউনিপোল বিলবোর্ড। শাহজালাল উপশহরের মোড়ে রাস্তার ঠিক মধ্যখানে এটি নির্মাণ করা হয়। অবৈধভাবে বিলবোর্ড নির্মাণের খবর পেয়ে ১২ মার্চ সিটি করপোরেশনের প্রকৌশল ও রাজস্ব শাখা সরেজমিন দেখে শাহজালাল উপশহরের মোড়ের ইউনিপোল বোর্ডটি অবৈধ হিসেবে শনাক্ত করে। কিন্তু সেটি অপসারণ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয় বলে জানা যায়।
সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলবোর্ড বাণিজ্যের নেপথ্যে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও চারজন কাউন্সিলর রয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, তাঁরা বিলবোর্ডটি অপসারণ করা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন। এই বিলবোর্ডটি দিয়েই একটি চক্র ১৬ লাখ টাকার বাণিজ্য করেছে বলে জানা গেছে।

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স ওরফে লিপন বলেন, ‘আমি সংশ্লিষ্ট নই। ওই ইউনিপোল আমার ওয়ার্ডে বসাতে একটি কোম্পানি অনুমতি নিয়েছিল। কিন্তু তারা ওয়ার্ডের বাইরে বসিয়েছে। এ জন্য এটি অবৈধ। উচ্ছেদ করতে আমিও সিটি করপোরেশনকে বলেছি।’

অবৈধ বিলবোর্ড উচ্ছেদে শিগগিরই বিশেষ অভিযান চালানোর কথা জানিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘আমাদের কাছে শুধু শাহজালাল উপশহরে একটি ইউনিপোল বোর্ড সম্পর্কে তথ্য রয়েছে। এটি অবৈধ। উচ্ছেদ করতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।’