সিলেট বিমানবন্দরে কোটি রুপিসহ পাকিস্তানি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক কোটি ১৫ লাখ রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টম। গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
তাঁর নাম মোহাম্মদ ইমরান (২৫)। ইমরানের দাবি, তাঁর আদিনিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ এবং তিনি বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক।
বিমানবন্দর কাস্টম জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-০২৮) সকাল সাড়ে ছয়টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর লাগেজ স্ক্যানিংয়ের সময় ডিনারসেটের মধ্যে কার্টনের ভেতরে রাখা ভারতীয় রুপিগুলো ধরা পড়ে। বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইমরানকে আটক করা হয়। পরে তাঁর লাগেজ তল্লাশি করে রুপি মিলেছে। বিমানে সিলেটই ছিল তাঁর শেষ গন্তব্য।
বিমানবন্দর অভিবাসন পুলিশের পরিদর্শক বশির আহমদ জানান, এই ঘটনায় একটি মামলা করে ইমরানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভারতীয় টাকা নিয়ে বাংলাদেশে তাঁর গন্তব্য, বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি—এসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।