সিলেট বিমানবন্দরে দুই কেজি সোনা আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় দুই কেজি ১০০ গ্রাম সোনা আটক করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে জয়নাল আবেদীন নামের ওই প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মুবিন প্রথম আলোকে বলেন, দুবাই থেকে সিলেটগামী বিজি-০৫২ ফ্লাইটে এক যাত্রী অবৈধ উপায়ে স্বর্ণ নিয়ে আসছেন বলে কাস্টমসে খবর আসে। বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীন নামের ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংকালে ভেতরে সোনা থাকার বিষয়টি ধরা পড়ে। কার্বন পেপারে মুড়িয়ে সাবানের ভেতর ১৮টি স্বর্ণের বার লুকানো ছিল। দুই কেজি ১০০ গ্রাম ওজনের এই সোনার বারগুলোর দাম প্রায় ৭২ লাখ টাকা।
সোনার বারগুলো কার্বন পেপারে মোড়ানোর বিষয়ে এই কর্মকর্তা বলেন, স্ক্যানিং এড়ানোর কৌশল ছিল এটি। কার্বন থাকলে অনেক সময় স্ক্যানে ধরা পড়ে না। কিন্তু আগে থেকে তথ্য থাকায় সাবান খুলতেই স্বর্ণের বার বের হয়ে আসে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই প্রবাসীর লাগেজে ১৭টি দামি মোবাইল ফোন ও ৪১৪টি মোমোরি কার্ড পাওয়া গেছে। এগুলোর দাম প্রায় ছয় লাখ ৫২ হাজার টাকা।
পাসপোর্ট অনুযায়ী জয়নাল আবেদীনের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ষাটশোলা গ্রামে। তাঁকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।