সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় ভূখণ্ডের মধ্য থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও চারজন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। কারা, কেন এ গুলি ছুড়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ বা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৩৫)। তিনি সুপারির ব্যবসা করতেন। বাড়ি গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই।
পুলিশ জানায়, বাচ্চু ভোরে সোনারহাট সীমান্তের ১২৬৮ মেইল পিলার-সংলগ্ন এলাকায় যান। সেখানে ভারত থেকে একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এ সময় বাচ্চুর সঙ্গে থাকা একই এলাকার সবুর মিয়া, আবদুল কাইয়ূম, ফয়জুল মিয়া ও আজির উদ্দিন নামের চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাঁরা বাড়ি ফেরার ঘণ্টা খানেক পর বাচ্চু মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরে বাচ্চুর বাড়ি থেকে তাঁর মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পান্তুমাই এলাকার বাসিন্দা ও বাচ্চুর কয়েকজন প্রতিবেশী বলেন, গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে তাঁদের ওপর ভারতীয় খাসিয়ারা গুলি করে।
বিজিবি-৫-এর ক্যাম্প অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার ছররা গুলিতে বাচ্চু নিহত ও চারজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা জেনেছি, তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তের ওপারে গিয়েছিলেন। গুলিবিদ্ধ হয়ে ফিরে আসার পর মারা যান। কারা ওই গুলি করেছে, কেন করেছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’