সিলেট সেই পীযূষ এবার মাদকেও ধরা
প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে সশস্ত্র মহড়া দিয়ে আলোচিত সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দের মাদকাসক্তির লক্ষণ ধরা পড়ায় তাঁকে কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অতি মাত্রায় মাদকাসক্তির চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার যোগাযোগ করলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মাদকাসক্তির জন্য হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
নগরের তালতলার একটি আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগে পীযূষকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাঁর বিরুদ্ধে তিন হোটেল কর্তৃপক্ষ চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগসহ মামলা করে। তাঁকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন সোমবার কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ধরা পড়ার পর থেকে পীযূষ অস্বাভাবিক আচরণ করেন। তাঁর এ আচরণে কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসার পর নিশ্চিত হওয়া গেছে, তিনি একজন মাদকাসক্ত। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা কারা হাসপাতালের বরাত দিয়ে জানান, গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেয় পুলিশ। এ অবস্থায় তাঁর শারীরিক অবস্থা যাছাই করতে অতি মাত্রায় মাদকাসক্তির লক্ষণ ধরা পড়ে। মাদকাসক্তির চিকিৎসা ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না—এ ধারণায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পীযূষের বাইরে চিকিৎসার প্রয়োজন দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও দলীয় লোকজন জানান, মদনমোহন কলেজ শাখা ছাত্রলীগ থেকে পীযুষ ২০০৩ সালে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কমিটি পুনর্গঠন হলেও পিযুষ তাঁর পক্ষের কিছু কর্মীদের নিয়ে ছাত্রলীগের নামে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি বিদেশ চলে যান।
আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে ২০১০ সালের দিকে দেশে ফিরে আসেন। মহানগর ছাত্রলীগে তাঁর কোনো পদ না থাকলেও দলে প্রভাব বিস্তার করেন। তাঁর বিরুদ্ধে জায়গা দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ‘তৌহিদি জনতা’ ব্যানারে একদল উচ্ছৃঙ্খল লোক ভাঙচুর করলে পীযূষ দলবল নিয়ে প্রকাশ্যে বন্দুক ও রামদা উঁচিয়ে তালতলা এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে আলোচিত হন।