সিলেটে অপহরণের ১৯ দিন পরও উদ্ধার হয়নি শিশু
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকা থেকে মাহফুজ আহমদ নামের এক শিশুকে গত ১১ সেপ্টেম্বর অপহরণ করা হয়। ঘটনার ১৯ দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও অপহৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দুঃখই নূর গ্রামের ছাইফুল ইসলাম (৩৫) সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার একটি বাসায় ভাড়াটে হিসেবে থেকে ওই এলাকার শিশুদের আরবি পড়াতেন। কিছুদিন আগে তিনি ওই এলাকার মো. সফর উদ্দিনের কাছে তাঁর সন্তানদের আরবি পড়ানোর প্রস্তাব দেন। কিন্তু সফর উদ্দিন ওই প্রস্তাবে রাজি হননি।
সফর উদ্দিন অভিযোগ করেন, ছাইফুলের প্রস্তাবে রাজি না হওয়ায় ১১ সেপ্টেম্বর হাউজিং এস্টেট এলাকা থেকে তাঁর ছেলে মাহফুজকে অপহরণ করা হয়। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ শাহ্জামান জানান, ১৪ সেপ্টেম্বর মাহফুজের বাবা বাদী হয়ে অপহরণের অভিযোগে ছাইফুল ও তাঁর বোনের বিরুদ্ধে মামলা করেছেন। ছাইফুলের বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।