সিলেটে অবাধেই চলছে ২৫ হাজার অবৈধ রিকশা
সিলেট নগরে অন্তত ২৫ হাজার অবৈধ রিকশা নির্বিঘ্নে চলাচল করছে। এর মধ্যে নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত রিকশা রয়েছে ১০ হাজার, আর বাকিগুলো লাইসেন্সবিহীন।
নগরের কয়েকজন বাসিন্দার অভিযোগ, ব্যাটারিচালিত রিকশায় তাঁরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এসব রিকশা উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া অবৈধ রিকশা উচ্ছেদে মহানগর পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদ্যোগও যথেষ্ট নয় বলে তাঁরা দাবি করেছেন।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখা জানিয়েছে, নগরে বৈধভাবে প্রায় ১২ হাজার রিকশা চলাচল করছে। এর বাইরে আরও অন্তত ২৫ হাজার রিকশা লাইসেন্সবিহীন অবৈধভাবে চলাচল করছে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণ যান হিসেবে চিহ্নিত হওয়ায় এর বৈধতা দেয়নি সিটি করপোরেশন। এ কারণে বছর খানেক আগে নগরে এসবের চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে এ ধরনের রিকশা চলাচল বন্ধ রয়েছে বলে লাইসেন্স শাখার এক কর্মকর্তা দাবি করেছেন।
তবে বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সরেজমিনে নগরের ছয়টি ওয়ার্ডের ২৫টি এলাকা ঘুরে দেখা গেছে, লাইসেন্সবিহীন রিকশার পাশাপাশি নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত রিকশাও চলাচল করছে। ব্যাটারিচালিত রিকশা সবচেয়ে বেশি চলাচল করছে নগরের কালীবাড়ি, করেরপাড়া, পাঠানটোলা, বনকলাপাড়া, বালুচর, টিলাগড়, উপশহর, শাহী ঈদগাহ, লামাবাজার, বড়বাজার, চৌকিদেখী, ছড়ারপাড়, কামালগড় এলাকায়।
কালীবাড়ি এলাকায় বেলা সাড়ে ১১টায় ইসমাইল মিয়া নামের ব্যাটারিচালিত এক রিকশাচালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পুলিশ ও সিটি কর্তৃপক্ষের অভিযানের ভয়ে তাঁরা কেবল কালীবাড়ি, করেরপাড়া, হাওলাদারপাড়া ও নতুনবাজার এলাকার মধ্যে তাঁদের চলাচল সীমাবদ্ধ রাখেন। এভাবে নগরের ২৭টি ওয়ার্ডেই পাড়াকেন্দ্রিক অসংখ্য ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। নগরের লামাবাজার, শেখঘাট ও শাহী ঈদগাহ এলাকার ছয়টি দোকানে এসব ব্যাটারিচালিত রিকশা বানানো হয় বলে জানিয়েছেন তিনি। অবশ্য খোঁজ নিয়ে তাঁর এ বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।
সিলেট নগরের ২২ জন রিকশাচালক, যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা গেছে, নগরে প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। দিনভর এসব রিকশা পাড়াকেন্দ্রিক চলাচল করলেও সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টার পর থেকে মধ্যরাত পর্যন্ত এসব রিকশা নগরের মূল সড়কেও চলাচল করে। যদিও এ ধরনের তথ্য পুরোপুরি অস্বীকার করেছে সিটি করপোরেশন এবং মহানগর পুলিশ। এসব প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার ভাষ্য, নগরের আশপাশের এলাকায় এসব যান চলাচল করলেও নগরের ভেতরে এসব রিকশা চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা বলেন, লাইসেন্সবিহীন অবৈধ রিকশার চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সকাল কিংবা রাতের বেলা নগরে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা নগরে ঢুকছে কি না, সেটিও নজরদারির মধ্যে নিয়ে আসা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ব্যাটারিচালিত রিকশার চলাচল নগরে নিষিদ্ধ রয়েছে, যদি কোনো চালক এ নিষেধাজ্ঞা অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। যাঁরা এসব ঝুঁকিপূর্ণ যান বানাচ্ছেন, প্রয়োজনে সেসব ব্যবসায়ীর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।