সিলেটে অবৈধ চারটি ব্লাড ব্যাংক বন্ধ, আটক ৬
‘ব্লাড ব্যাংক’ নাম দিয়ে চলছিল ব্যবসা। গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গিয়ে মাদকাসক্ত কয়েকজনকে দেখতে পায়। তাঁদের মধ্যে একজন রক্ত দিচ্ছিলেন। জানতে চাইলে মাদকাসক্ত ব্যক্তির রক্ত নিয়ে দৌড়ে পাশেই বাসার রেফ্রিজারেটরে রেখে পালানোর চেষ্টা করেন একজন।
গোয়েন্দা পুলিশের দল তাৎক্ষণিক স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধিদের মাধ্যমে নিশ্চিত হয়ে অনুমোদনহীন চারটি ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়ে ছয়জনকে আটক করে।
মাদকাসক্ত ব্যক্তিদের রক্ত কেনাবেচা চলছিল সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের রিকাবিবাজার এলাকায়। গতকাল বুধবার সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ব্লাড ব্যাংক নাম দিয়ে পরিচালিত এখানকার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ব্লাড ট্রান্সফিউশন, রেড ব্লাড ব্যাংক। এ ছাড়া একই এলাকার গ্রিন লাইট নামের একটি ব্লাড ব্যাংকও বন্ধ করে দেওয়া হয়। চারটি প্রতিষ্ঠানই অনুমোদনহীন।
অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনা করার অভিযোগে জাবের আহমদ, মাসুক মিয়া, মিল্টন, তানভির, শাহেদ ও লিটন নামের ছয় ব্যক্তিকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের সঙ্গে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি নুরুল হক জানান, এসব ব্লাড ব্যাংকের কোনো বৈধতা নেই; অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনার ন্যূনতম নীতিমালাও মানা হচ্ছিল না। রক্ত পরিশোধন ছাড়াই এরা একজনের রক্ত অন্যজনকে দিয়ে এ ব্যবসা পরিচালনা করছিল। মাদকাসক্ত ব্যক্তিদের রক্ত নেওয়ার বিষয়টি হাতেনাতে প্রত্যক্ষ করায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার (ডিবি) মল্লিক আহসানউদ্দিন মো. সামি বলেন, তিনটি ব্লাড ব্যাংক তালাবদ্ধ করে মালামাল জব্দ করা হয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট আরও কেউ আছে কি না, তা তদন্ত করা হবে।