সিলেটে অবৈধ মাইক্রোস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে তৈরি করা হয়েছে মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। ছবিটি সম্প্রতি চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক থেকে তোলা l প্রথম আলো
সিলেটের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে তৈরি করা হয়েছে মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। ছবিটি সম্প্রতি চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক থেকে তোলা l প্রথম আলো

সিলেট নগরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক হচ্ছে চৌহাট্টা থেকে রিকাবীবাজার ও চৌহাট্টা থেকে আম্বরখানা সড়ক। প্রথম সড়কটির দুই পাশ এবং দ্বিতীয় সড়কটির এক পাশের প্রায় আধা কিলোমিটার অংশ দখল করে অস্থায়ী মাইক্রোস্ট্যান্ড বসিয়েছেন চালকেরা। এ কারণে যান চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা, প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের ভাষ্য, এই মাইক্রোস্ট্যান্ডটি উচ্ছেদের জন্য বেশ কয়েকবার সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সিলেট পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা এখানে আসেন এবং বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার জন্য ভাড়ায়চালিত মাইক্রোবাস খোঁজেন। তাই নগরবাসীর দুর্ভোগ সত্ত্বেও পর্যটকদের কথা বিবেচনায় রেখে স্ট্যান্ডটি উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চৌহাট্টা থেকে রিকাবীবাজার ও আম্বরখানামুখী দুটি সড়কে প্রায় সাড়ে তিন শ মাইক্রো ও অন্যান্য গাড়ি সারিবদ্ধভাবে রয়েছে। আম্বরখানামুখী সড়ক থেকে বেশির ভাগ গাড়ি ভাড়ায় জেলা শহর সুনামগঞ্জ ছাড়া ছাতক ও দিরাই উপজেলায় যায়। আর রিকাবীবাজারমুখী সড়ক থেকে সিলেটের বিভিন্ন উপজেলাসহ দেশের নানা প্রান্তে ভাড়ায় যায় এসব গাড়ি।

মাইক্রোবাসের দুজন চালক বলেন, নগরে মাইক্রো রাখার জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। তাই তাঁরা এই দুটি সড়ককে অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছেন। এখানে প্রতিদিন কমপক্ষে পাঁচ শ গাড়ি থাকে। এসব গাড়ি ভাড়ায় দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। এভাবে সড়ক দখল করে স্ট্যান্ড বানানোয় এই দুটি সড়কে সারাক্ষণ যানজট লেগে থাকে বলে তাঁরা স্বীকার করেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা প্রথম আলোকে বলেন, একে তো সরু সড়ক, এর মধ্যে আবার সড়কের একাংশ দখল করে অবৈধভাবে মাইক্রোস্ট্যান্ড তৈরি করা হয়েছে। তাই প্রায়ই সড়ক দুটিতে যানজট দেখা দেয়। এ অবস্থায় সিটি করপোরেশনের দ্রুত অন্যত্র একটি স্থায়ী মাইক্রোস্ট্যান্ড নির্মাণ করা প্রয়োজন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘নগরের বিভিন্ন পয়েন্টে মাইক্রোস্ট্যান্ড নির্মাণের জন্য জায়গা খুঁজছি।’