সিলেটে অ্যাম্বুলেন্স চালকদের হামলায় পুলিশ আহত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সচালকদের হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মফিজুল ইসলাম (৩৫)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তিনি ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালের পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালের ভেতরে রাখা কয়েকটি প্রাইভেট অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন চালক পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম রানাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই ইব্রাহিম খলিল অ্যাম্বুলেন্সচালকদের হামলার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই নীতিবহির্ভূতভাবে হাসপাতালের ভেতরে প্রাইভেট অ্যাম্বুলেন্সচালকেরা অ্যাম্বুলেন্স পার্কিং করছেন। গতকাল অ্যাম্বুলেন্সচালকদের সেখান থেকে সরে যাওয়ার কথা বলতেই তাঁরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।