সিলেটে ইউএনওর গাড়ি ভাঙচুর, হামলায় আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গতকাল শনিবার পাথর ভাঙার অবৈধ কল (স্টোন ক্রাশার মিল) উচ্ছেদে গিয়ে পাথরশ্রমিকদের হামলায় সহকারী কমিশনার (ভূমি), তিন পুলিশ কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন। এ সময় পাথরশ্রমিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও ভাঙচুর করেন।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাথর ভাঙার অবৈধ কল উচ্ছেদ করতে সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনকে আইনি নোটিশ পাঠায়। এ নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ১০টার দিকে গোয়াইনঘাটের ইউএনও মো. আজিজুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সমন্বয়ে একটি দল জাফলংয়ের তামাবিল এলাকায় যায়। তামাবিল থেকে জাফলং পর্যন্ত বন বিভাগের জায়গা দখল ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার কল বসানোয় সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত চলা অভিযানের শেষ দিকে পাথরভাঙা কলের ৬০-৭০ জন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অভিযানকারীদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পাথর ছোড়ে ইউএনওর গাড়ি, পুলিশের একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল ও উচ্ছেদ অভিযানে ব্যবহার করা বুলডোজার ভাঙচুর করেন। ইউএনওর গাড়িচালক মেহেদী হাসান এতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এ সময় অভিযানে থাকা সবাই স্থান ত্যাগ করার সময় পাথরশ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুসসহ আরও দুজন এএসআই এবং রুবেল, রাসেল, জিয়া নামের স্থানীয় তিন ব্যক্তি আহত হন।
ইউএনও আজিজুল ইসলাম জানান, পাথর ভাঙার অবৈধ কলগুলো বন বিভাগের জায়গা দখল করে স্থাপিত। জায়গা দখলমুক্ত করা ও অবৈধ কল অপাসরণে আইনি বাধ্যবাধকতার জন্য পরিবেশ অধিদপ্তরকে নিয়ে অভিযান চালানো হচ্ছিল। হামলার জন্য উচ্ছেদ অভিযান বন্ধ করে তাঁরা ফিরে এসেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে জানান, হামলার পর ঘটনাস্থল থেকে এক পাথরশ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া পাথরশ্রমিকদের পেছনে কারও ইন্ধন আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।