সিলেটে ঈদ শুভেচ্ছার ব্যানার ফেস্টুন অপসারণ
পবিত্র ঈদুল ফিতরের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা-সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গিয়েছিল সিলেট নগরের বিভিন্ন এলাকা। বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে অবৈধভাবে এ প্রচারণা চালিয়েছেন রাজনৈতিক কর্মীরা। এতে নগরের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে পড়েছিল। এটি বিবেচনায় নিয়ে গতকাল মঙ্গলবার থেকে ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযানে নেমেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সকাল ১০টায় নগরের বন্দরবাজার এলাকার পদচারী-সেতু থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার উদ্যোগে পরিচালিত এ অভিযান চলে বেলা একটা পর্যন্ত। নগরের বন্দরবাজার ছাড়াও তালতলা, সুরমা পয়েন্ট, জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে গতকাল প্রায় তিন ট্রাক ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অবৈধ ব্যানার-ফেস্টুনে নগরের সৌন্দর্য ম্লান হয়ে পড়েছিল। ঈদ উৎসব শেষ হয়ে গেলেও এসব ব্যানার-ফেস্টুন ঠিকই রয়ে গেছে। সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। একই ধরনের অভিযান আজ বুধবার ও কাল বৃহস্পতিবারও চলবে।