সিলেটে একই ভবনের দুটি বাসায় ডাকাতি
সিলেট নগরের পনিটুলা এলাকায় একই ভবনের দুটি বাসায় গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ডাকাত দল চলে যাওয়ার সময় ভবনের কলাপসিবল গেটে তালা মেরে যায়। তা ছাড়া হুমকি দিয়ে বলে যায়, চিৎকার-চেঁচামেচি করলে সবাইকে মেরে ফেলা হবে। এর ফলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। পরে গতকাল সকালে তালা ভাঙা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী দুই পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পনিটুলার তিনতলা একটি বাড়ির দোতলায় থাকেন চিকিৎসক দম্পতি সন্দীপ কানুনগো ও তৃতীয় তলায় সামাজিক সংগঠন ভাটি বাংলা উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মণ। রাত প্রায় আড়াইটার দিকে কলাপসিবল গেটের তালা ভেঙে ডাকাত দল দোতলায় গিয়ে চিকিৎসক দম্পতির বাসায় ঢোকে। তারা চিকিৎসকের এক বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্দীপকে ঘুম থেকে জাগায়। এ সময় সন্দীপের স্ত্রীও জেগে উঠলে তাঁদের হত্যার ভয় দেখিয়ে নগদ ১ লাখ টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। পরে সন্দীপকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনতলায় সুরঞ্জিতের বাসায় যায় ডাকাতেরা। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নেয় তারা। যাওয়ার সময় কলাপসিবল গেটে নতুন একটি তালা লাগিয়ে যায় ডাকাতেরা।
সুরঞ্জিত বর্মণ জানান, মধ্যরাতে প্রতিবেশী চিকিৎসকের কণ্ঠ শুনে তিনি উদ্বিগ্ন হয়ে দরজা খোলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাত দল তাঁর মুখ চেপে ধরে। ঘরে থাকা সুরঞ্জিতের আরেক ভাই এগিয়ে এলে তাঁকেও জিম্মি করা হয়। পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। সংখ্যায় দুর্বৃত্তরা ১০-১২ জন হবে।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করার পরপরই ডাকাত ধরতে পুলিশের একাধিক দল ওই এলাকাসহ আশপাশের এলাকায় তৎপরতা চালিয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।