সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয়জন আহত হন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা একটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ ক্যাম্পাসে অবস্থান নেয়। তাঁদের তৎপরতা ঠেকাতে জেলা ছাত্রলীগের সাবেক দুই নেতার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীরাও ক্যাম্পাসে অবস্থান নেন। বেলা দেড়টার দিকে তাঁদের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এতে শাহিন ও রতন নামে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত হন। এ সময় দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের আরও সাতজন কর্মী আহত হন। ঘণ্টাখানেক পর আবার দুই পক্ষ ক্যাম্পাসে অবস্থান নিলে আবারও শুরু হয় সংঘর্ষ। এ সময় কয়েকটি গুলি ছোড়ার শব্দ শোনা যায়। বিকেল তিনটার দিকে ক্যাম্পাসে অবস্থানরত সংবাদকর্মীদের ওপর ছাত্রলীগের কর্মীরা ককটেল নিক্ষেপ করলে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে দুই পক্ষকে বের করে দেয়।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।