সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিমানবন্দর থানার ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আবদুল জলিল ইউসুফ।
লিখিত বক্তব্যে ইউসুফ দাবি করেন, গত ১২ মার্চ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাঁদের বাসায় হামলা চালায়। পরে তাঁরা বাসার তত্ত্বাবধায়ককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় মহানগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করতে গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁদের বিরুদ্ধে ইউসুফ মামলা দায়ের করতে এসেছেন, তাঁদের সঙ্গে তাঁর জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। সেখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। তাই যাঁরা মামলা করতে এসেছেন তাঁদের বলেছি, লুটপাটের বিষয়টি উল্লেখ না করে জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি এজাহারে উল্লেখ করা হলে অবশ্যই মামলা গ্রহণ করা হবে।’