সিলেটে কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য কোনো চক্র এ কাজ করতে পারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে নগরে ফিরছিলেন বদরউদ্দিন কামরান। পথে পাঠানটুলা পয়েন্টে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ওই ককটেল। তবে সেটি গাড়িতে না লেগে রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তাঁর বা গাড়ির কোনো ক্ষতি হয়নি। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের কিছু আগে পাঠানটুলা পয়েন্ট দিয়ে ছাত্রদলের একটি মিছিল যায়। এর পরপরই ঘটনাটি ঘটে। মিছিল থেকে কেউ ককটেল ছুড়ল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।