সিলেটে কৃষকনেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক কৃষকনেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ভূমি ব্যবসায়ীদের একটি পক্ষ পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকার মাখরখলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকনেতা হচ্ছেন মো. সুজন মিয়া (৩৫)। মাখরখলা গ্রামের মুক্তিযোদ্ধা সুন্দর আলীর ছেলে সুজন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। ‘গণপিটুনিতে ডাকাত নিহত’ পরিকল্পনায় সুজনকে পেটানো হয়েছিল বলে পরিবার ও গ্রামবাসীর অভিযোগ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সুজন। দুপুরের দিকে যোগাযোগ করলে হাসপাতালের ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে চিকিৎসাধীন থাকার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তাঁর শরীরে বিভিন্ন স্থানে জখম ও ক্ষত রয়েছে।

সুজনের পরিবারের সদস্য এবং গ্রামবাসী কয়েকজন জানান, ভূমিহীন কৃষকদের নিয়ে আন্দোলন করায় সুজনের বিরুদ্ধে আবাসন ব্যবসায়ীদের একটি পক্ষ চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগে বিমানবন্দর থানায় একাধিক মামলা করে। গতকাল ভোর পৌনে চারটার দিকে সাদা ও কালো পোশাকধারী কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সুজনকে বসতঘর থেকে বের করে নিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায়, সুজনের বিরুদ্ধে আবাসন ব্যবসায়ীদের যে পক্ষ মামলা করেছিল, তারা সাত-আটজন তাঁকে বেধড়ক মারধর করছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া ব্যক্তিরা ঘটনা প্রত্যক্ষ করছেন। একপর্যায়ে গ্রামের লোকজন প্রতিবাদী হয়ে জড়ো হওয়া দেখে সুজনকে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। ভোর সাড়ে ছয়টার দিকে তাঁদের কাছে খবর আসে, সুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজনের বাবা মুক্তিযোদ্ধা সুন্দর আলী বলেন, ‘হাসপাতালে ভর্তির খবর পেয়ে আমি সকালে সেখানে গিয়ে হাসপাতালের তিনতলার ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর শয্যায় সুজনকে ভর্তি দেখতে পাই। তখন আমাকে জানানো হয়, র‍্যাব সুজনকে গ্রেপ্তার করেছে।’

গতকাল বিকেল চারটার দিকে র‍্যাব-৯ গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে জানানো হয়, বিমানবন্দর থানা এলাকা থেকে একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনিয়ে নিয়ে মারধর করা ও হাসপাতালে ভর্তি প্রসঙ্গে জানতে চাইলে জানানো হয়, বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘আমি শুনেছি, র‍্যাবের হাতে সুজন অ্যারেস্ট হওয়াকালে পাবলিক মারধর করেছে। এ কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ সুজনকে একজন ‘শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত’ বলে মন্তব্য করে ওসি জানান, তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে অন্তত ২০টি মামলা আছে।

এদিকে একের পর এক মিথ্যা মামলা দিয়েও সুজনকে কৃষক আন্দোলন থেকে বিরত করতে না পারায় সংঘবদ্ধ ভূমিখেকোরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মাখরখলা গ্রামবাসী। ঘটনার পরপরই ভোরে এক দফা ও বিকেলে আরেক দফা গ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে।  

হেফাজতে নির্যাতনের বিচার দাবি

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির গতকাল এক বিবৃতিতে সুজনকে হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছে দাবি করে বিচার দাবি করছেন। বিবৃতিতে তাঁরা বলেন, সিলেট শহরতলির পূর্বাঞ্চলে বিগত চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত একটি ভূমি ব্যবসায়ী চক্র সক্রিয়। এ চক্রের বিরুদ্ধে কৃষক সংগ্রাম সমিতি স্থানীয় গ্রামবাসীকে নিয়ে প্রায় এক দশক ধরে আন্দোলন করছে। মাখরখলা গ্রামসহ আশপাশ এলাকায় কৃষক আন্দোলনে সুজন একজন সংগঠক। তাঁকে গ্রেপ্তার করার পর মারধর করতে ছেড়ে দেওয়ার ঘটনাটি মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে। দেশে গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ঘটনার মতোই এ ঘটনা। মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সুজনকে হেফাজতে নিয়ে নির্যাতনের ঘটনাটি তদন্ত হওয়া প্রয়োজন।