খ্রিষ্টান মিশনের দুই প্রধানকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টানদের সিলেট অঞ্চলের প্রদেশপাল বিশপ বিজয় এনডি ক্রুশকে ও শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশনের পাল পুরোহিত সুব্রত বনিফাস টলেনটিনোকে মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ ও ২৪ মিনিটে এ খুদেবার্তা আসে। এসব ঘটনায় রাতেই থানায় জিডি করা হয়েছে।

বিজয় এনডি ক্রুশের বিষয়ে আজ বুধবার সকালে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, এ ব্যাপারে রাতেই সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এনডি ক্রুশ একটি সাধারণ ডায়েরি করেছেন। রাতেই তদন্ত শুরু হয়েছে।

খুদেবার্তাটি পাঠিয়েছেন জামান মজুমদার নামের একজন। এতে তাঁর পরিচয় দেওয়া হয়েছে ‘কো-অর্ডিনেটর ইন্টারন্যাশনাল জেএমবি (আইজেএমবি) ’। এতে ইংরেজিতে ব্রাকেটবন্দি লেখা-‘ফিল ইওর লাস্ট ড্রিম। বিকজ ইওর লাইফ ইজ ইন লাস্ট স্টেজ। ভেরি সুন ইউ আর কিল বাই আস।’

বিশপ বিজয় এনডি ক্রুশ জানান, তাঁর মোবাইলে এ খুদেবার্তা আসার ঠিক এক মিনিট পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খ্রিষ্টান মিশনের প্রধান ফাদার বনিফাস টলেনটিনু-র মোবাইলে একই খুদেবার্তা যায়। জিডি এন্ট্রিতে তিনি এ বিষয়টি উল্লেখ করেছেন।

আর এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশনের পালপুরোহিত সুব্রত বনিফাস বলেন, ‘আমি বিষয়টি রাতেই পুলিশকে জানিয়েছি। তারা পরামর্শ দিলে জিডি করি। এরপর পুলিশ আমার সাথে যথেষ্ট যোগাযোগ করেছে।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে প্রথমআলোকে বলেন, ‘আমরা ট্রেকিং করতেছি। দেখতেছি কে এই ম্যাসেজ দিল। ’