সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর লাশ উদ্ধার

সিলেট নগরের সুরমা আবাসিক এলাকায় মেসবাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ শাহরিয়ার মজুমদার। স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার, বাড়ি চট্টগ্রামে। সিলেটে গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার আলামত সংগ্রহ করেছে। রাত ১২টায় লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সুরমা আবাসিক এলাকাটি শাহজালাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন। ওই এলাকায় অধিকাংশ বাসাবাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেসবাড়ি করে থাকেন। শাহরিয়ার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার চারতলায় অবস্থিত মেসের একটি কক্ষে থাকতেন। নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহরিয়ারের কক্ষে আরও দুই শিক্ষার্থী আলাদা খাটে থাকতেন। রাত আটটার দিকে তাঁরা মেসে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। গ্রিলের যে অংশে বেল্ট বাঁধা ছিল, মেঝে থেকে উচ্চতা মাত্র চার ফুট। ঘরে টেবিলের ওপর তাঁর ব্যবহৃত ল্যাপটপ খোলা দেখা গেছে, পানি ফোটানোর ফিল্টারটির সুইচও অন ছিল। সব আসবাবও এলোমেলো অবস্থায় দেখা যায়।
জানালার গ্রিলের উচ্চতা থেকে তাঁর উচ্চতা বেশি হওয়ায় কীভাবে তাঁর মৃত্যু হলো, পুলিশ তা নিশ্চিত করে বলতে পারছে না।
ঘটনাস্থলে অবস্থান করা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, ঘটনাটি রহস্যজনক বলে মনে করায় সিআইডির অপরাধ বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে মরদেহ ওই ঘরের মেঝেতে রাখা ছিল। খবর পেয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গেছেন।
গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সিলেটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রথম আলোকে জানান, সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর পাশাপাশি ব্লগার হত্যাকাণ্ডের প্রতিবাদেও সক্রিয় ছিলেন শাহরিয়ার।
ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি সহিদুজ্জামান জানান, গত ১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে প্রথম যে প্রতিবাদ মিছিল হয়েছিল, শাহরিয়ার ওই মিছিল সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। গত বুধবার অনন্ত হত্যা মামলায় এক আসামি খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার খবরটি শাহরিয়ার তাঁর ফেসবুকে ‘অবশেষে’ শিরোনাম দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটিই তাঁর জীবনের শেষ স্ট্যাটাস।
ঘটনাটি ভিন্ন কৌশলে কোনো হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।