সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা তাঁকে কোপান বলে অভিযোগ উঠেছে।
ওই ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে একই স্থানে ছাত্রলীগের এক পক্ষের হামলায় সংগঠনটির সাবেক একজন নেতাসহ তিন ছাত্র আহত হন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন সংস্কৃতিকর্মী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্ট চলছিল। সেখানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত পারভেজ আহম্মদের অনুসারী কয়েকজন নেতা-কর্মী বিনা টিকিটে ঢোকার চেষ্টা করেন। ওই কনসার্টের সঙ্গে যুক্ত ছাত্রলীগের আরেক পক্ষের নেতা-কর্মীরা বিনা টিকিটে ঢুকতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পারভেজ অনুসারীদের হামলায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাধারণ ছাত্র লোকমান হোসেন (২৩) এবং ছাত্রলীগের দর্শনদেউড়ি গ্রুপের নেতা ও ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মহাজন সায়মন মিয়াসহ (২২) অন্তত তিনজন আহত হন। অডিটোরিয়ামে মারামারির খবর পেয়ে রজতকান্তি সেখানে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়মনের ওপর হামলার খবর পেয়ে দর্শনদেউড়ি পক্ষের শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে অডিটোরিয়ামের প্রধান ফটকে ভাঙচুর চালান। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা সেখানে দাঁড়িয়ে থাকা রজতকান্তিকে টেনেহিঁচড়ে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গিয়ে মারপিট করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কোপান। অডিটোরিয়ামের সামনের রাস্তায় এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান। সংস্কৃতিকর্মীরা রজতকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম জানান, দায়ের কোপে রজতকান্তির বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে এবং হাড় ভেঙে গেছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে রডের আঘাত রয়েছে। অস্ত্রোপচারের পর তিনি এখন আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন রজত কান্তি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ঘটনায় পারভেজের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। দর্শনদেউড়ি গ্রুপের অন্যতম নেতা ও সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, ‘পারভেজ ছাত্রলীগের পদধারী কোনো নেতা নন, তিনি সুবিধাভোগী ব্যক্তি। কনসার্টে হামলার পাশাপাশি রজত কান্তির ওপর পারভেজের সমর্থকেরাই হামলা চালিয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।’
সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল হক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
বিক্ষোভ: রজতকান্তির ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে গণজাগরণ মঞ্চের কর্মী ও সংস্কৃতিকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন।
গতকাল সকাল ১০টার দিকে নগরের ধোপা দীঘিরপাড় এলাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় যান প্রায় শতাধিক সংস্কৃতিকর্মী। তাঁরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ছাত্রলীগের দোষী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় অর্থমন্ত্রী দ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রজতকান্তিকে দেখতে হাসপাতালে যান অর্থমন্ত্রী।
বেলা সোয়া চারটার দিকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামের সামনে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।