সিলেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার

সিলেট নগরের সুরমা আবাসিক এলাকায় মেসবাড়ি থেকে আজ বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গণজাগরণমঞ্চের সক্রিয় কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ শাহরিয়ার মজুমদার। স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ারের বাড়ি চট্টগ্রামে। আজ রাত সাড়ে নয়টার দিকে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে গ্রিলের সঙ্গে তাঁর ফাঁস লাগানো লাশ উদ্ধার করে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় অধিকাংশ বাসাবাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেসবাড়ি করে থাকেন। শাহরিয়ার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার চারতলায় অবস্থিত মেসের একটি কক্ষে থাকতেন। নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর ল্যাপটপ চালু ছিল।
পুলিশ জানায়, রাত আটটার দিকে শাহরিয়ারের কয়েকজন রুমমেট মেসে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ। তিনি জানান, ঘটনাটি রহস্যজনক বলে মনে করায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ‘অপরাধ বিশেষজ্ঞ’দের খবর দেওয়া হয়েছে। রাত ১১টার দিকে মরদেহ ওই ঘরের মেঝেতে রাখা ছিল। খবর পেয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গেছেন।
গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।