সিলেটে গর্তধসে আবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় (শারফিন টিলা) ফের গর্ত করে পাথর উত্তোলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গর্তধসে মোস্তাকিন মিয়া (২২) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।

শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্তধসে পাঁচজন শ্রমিক নিহত হয়েছিলেন। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্তধসে নিহত হন আরেক শ্রমিক। এরপর ২ মার্চ তৃতীয় দুর্ঘটনায় ইয়াকুব আলী (৩০) নামের একজন পাথর ব্যবসায়ী নিহত হন। এসব ঘটনায় গর্তের মালিকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।

প্রায় সাড়ে তিন মাস পর গর্তধসে শ্রমিক নিহতের চতুর্থ ঘটনা ঘটল গত বৃহস্পতিবার। মোস্তাকিন যে গর্তে কাজ করার সময় মারা গেছেন, সেই গর্তটি নারায়ণপুরের আবদুল হান্নান খুঁড়েছিলেন। গত ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসনে দাখিল করা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তদন্ত প্রতিবেদনে যে ৪৭ জন ‘পাথরখেকো’র নাম আছে, সে তালিকার ৩০ নম্বর নামটি হচ্ছে আবদুল হান্নানের।

মোস্তাকিন মারা যাওয়ার ঘটনাটি পুলিশ দুর্ঘটনা বলছে। যোগাযোগ করলে কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত (ওসি) আলতাফ হোসেন বলেন, মোস্তাকিন গর্তধস বা পাথরচাপায় নয়, ট্রাক থেকে লাফ দিয়ে গর্তে নামতে গিয়ে আহত হয়ে মারা যান। তবে মারা যাওয়ার কারণ নিয়ে মতভিন্নতা থাকায় এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করে ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

ঘটনা সম্পর্কে টিলা এলাকার আশপাশের বাসিন্দারা বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণপুরের আবদুল হান্নান নামের এক পাথর ব্যবসায়ীর পুরোনো একটি গর্ত থেকে পাথর উত্তোলন চলছিল। মোস্তাকিনসহ সাত-আটজন গর্ত শ্রমিক সেখানে খোঁড়াখুঁড়ি করে পাথর তুলছিলেন। বিকেলে উত্তোলন করা পাথর ট্রলি দিয়ে সরানোর সময় গর্তের একটি পাড় ধসে পড়ে। এ সময় ট্রলিসহ পাথর গর্তের নিচে পড়ে যায়। মোস্তাকিন গর্তের নিচে ট্রলিসহ পাথরচাপা পড়ে আহত হন। অচেতন অবস্থায় তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মোস্তাকিনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের সুনন্দাপুর গ্রামে। বাবা ওয়াজিদ মিয়া শ্রমজীবী। সপরিবারে শাহ আরেফিন টিলার পাশের বসতি নারায়ণপুর গ্রামে বাস করেন। ওয়াজিদ বলেন, টিলায় গর্তশ্রমিক হিসেবে কাজ করছিলেন মোস্তাকিন। বিকেলে তিনি খবর পান ছেলে আহত হয়ে হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে জানতে পারেন, ছেলে মারা গেছে। ওয়াজিদ প্রশ্নের সুরে বলেন, ‘ঘটনার পর থাকি তো কেউ-রে পায়াইর (পাচ্ছে) না, কারে দোষতাম (দোষ দেব) কইন?’

গত ২৩ জানুয়ারি একসঙ্গে পাঁচ শ্রমিক মারা যাওয়ার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে তদন্তে শাহ আরেফিন টিলা ধ্বংসে ৪৭ জনের তালিকা তৈরি করা হয়। প্রতিবেদনে ৪৭ জনকে পাথরখেকো বলে অভিহিত করা হয়। জেলা প্রশাসনে ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টতা থাকায় পরে কোম্পানীগঞ্জের ইউএনও ও থানার ওসিকে বদল করা হয়। এরপর থেকে টিলায় খোঁড়াখুঁড়ি বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাথর উত্তোলন হচ্ছে জানিয়ে পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তদন্ত প্রতিবেদনে ৪৭ জন পাথরখেকো ব্যক্তি শুধু চিহ্নিতই হয়ে আছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে অবৈধভাবে পাথর উত্তোলন এবং একের পর এক শ্রমিক হতাহতের ঘটনা ঘটত না।

জানতে চাইলে, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই টিলাসহ পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। ইতিমধ্যে একাধিক অভিযানও হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় এ ক্ষেত্রে কিছু সমস্যা হলেও প্রশাসন সক্রিয় রয়েছে।