সিলেটে গুলিতে একজন নিহত
সিলেট নগরের বাগবাড়ি এলাকায় জায়গার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুহিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাত নয়টার দিকে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাগবাড়ির ১৮৩/৩৩ নম্বর বাসার জায়গা নিয়ে দুই পক্ষে বিরোধ ছিল। বিরোধপূর্ণ বাসার তত্ত্বাবধায়ক ছিলেন মুহিবুর রহমান। রোববার রাত নয়টার দিকে এক পক্ষ এসে বাসায় হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে মুহিবুর মাথায় গুলিবিদ্ধ হলে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুহিবুর রহমানের বাড়ি বাগবাড়ি এলাকায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান সাংবাদিকদের জানান, ওই বাসার মালিক সুজিয়া বেগম নামের একজন প্রবাসী। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।